৬ নভেম্বর ২০১২ - ১৭:৫২

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি 'প্রয়োজনে' ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর নির্দেশ দিতে প্রস্তুত রয়েছেন।

বার্তা সংস্থা আবনা : ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি 'প্রয়োজনে' ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর নির্দেশ দিতে প্রস্তুত রয়েছেন। সোমবার ইসরাইলের চ্যানেল টু'কে দেয়া সাক্ষাতকারে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বলেন, "প্রয়োজন হলে বোতাম টেপার জন্য আমি অবশ্যই প্রস্তুত রয়েছি।"

রোববার মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস খবর দেয়, ২০১০ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী এহুদ বারাক ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইরানের পাল্টা হামলা সামাল দিতে না পারার আশঙ্কার কারণে সে নির্দেশের বিরোধিতা করেন ততকালীন ইসরাইলি সেনাপ্রধান গ্যাবি আশকেনাজি ও গোয়েন্দা প্রধান মেইর দাগান।

ইসরাইলি টিভি চ্যানেল এ সম্পর্কে নেতানিয়াহুকে প্রশ্ন করলে তিনি ২০১০ সালের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, প্রয়োজনে এই মুহূর্তে ইরানে হামলার নির্দেশ দিতে তিনি দ্বিধা করবেন না। কিন্তু  দু'বছর আগের মতো এবারও তিনি তার সেনা ও গোয়েন্দা প্রধানের প্রতিরোধের মুখে পড়বেন কিনা সে সম্পর্কে কিছু উল্লেখ করেননি। সমর বিশেষজ্ঞরা বলছেন, ২০১০ সালের তুলনায় ইরানের সামরিক শক্তি বহুগুণে বেড়ে গেছে।

এদিকে গত ২ সেপ্টেম্বর নেতানিয়াহু আন্তর্জাতিক সমাজকে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে 'স্পষ্ট সীমারেখা' নির্ধারণ করে দেয়ার আহবান জানান।

ইহুদিবাদী ইসরাইল ইরানের ওপর হামলার ব্যাপারে তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন সরকারকে রাজী করানোর চেষ্টা করছে। কিন্তু ওয়াশিংটন তেল আবিবের এ আহবান প্রত্যাখ্যান করে বলছে, তেহরানের ওপর নিষেধাজ্ঞা কঠোর করার মাধ্যমে দেশটিকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে বাধ্য করা হবে।#রেডিও তেহরান